ভারতের দেওয়া ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি কথা বারবার মনে পড়ছিল শেই হোপের। কিংবদন্তি এই উইকেটরক্ষক-ব্যাটারের সেই পরামর্শটি ছিল—‘তুমি যতটা ভাবো, তার চেয়েও বেশি সময় সবসময়ই থাকে’।
ধোনির এই টোটকাতেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। হোপের মহাকাব্যিক অপরাজিত ১৬২ রানের ইনিংসে ভর করে শনিবার ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। এতে সিরিজ হারলেও হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে তারা।
শনিবার মুল্লানপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪৩ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন হোপ। ওয়ানডেতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টানা ৫০ ওভার উইকেটকিপিং করার পর ওপেন করতে নেমে পেশির টান সহ্য করেও লড়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত অবিচল থেকে দলকে উপহার দেন এক অনবদ্য জয়।
ম্যাচ শেষে হোপ বলেন, ‘ভারতে রান তাড়া করা সবসময়ই কিছুটা সহজ, বিশেষ করে শিশিরের কারণে। সিরিজটা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তা পারায় ভালো লাগছে। কুঁচকিতে কিছুটা টান লাগছিল, তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছি। এমনিতেই আমাদের ব্যাটার কম ছিল, ফলে চ্যালেঞ্জটা শুরু থেকেই কঠিন ছিল। মহান ব্যক্তিত্ব এমএস ধোনির সঙ্গে একবার আমার এ নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, “তুমি যতটা ভাবো, তার চেয়েও বেশি সময় তোমার হাতে থাকে।” তাই আমরা বড় লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভাগ করে এগোনোর চেষ্টা করেছি। ওভার রেটের শাস্তির ভয়ে ভারতের ফিল্ডারদের ভেতরে আনতে হবে—বিষয়টি মাথায় রেখে ধৈর্য ধরে খেলেছি।’
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। এই জয়ে শেষটা সান্ত্বনার হলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য তা বড় আত্মবিশ্বাসের জোগান দিচ্ছে। ম্যাচে আগে ব্যাট করে কেএল রাহুলের অপরাজিত ১২৯, রোহিত শর্মার ৯২ ও ঋতুরাজ গায়কোয়াডের ৫৭ রানে ভর করে ৩৫১ রান তোলে ভারত। জবাবে ৪৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হোপের সেঞ্চুরির পাশাপাশি আমির জাঙ্গু (৬৭) ও কিমো পল (৪৪) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
