‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার

চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’— এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হলো।

আজ মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তের জন্য সার্কেল এএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা মামলার তদন্তে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে যান ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি কথা বলেন।

স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই কথাবার্তার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখিই তো কিছু বটে! আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মুকাররমের ইমাম সাহেব হবো? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

এ বিষয়ে জানতে এএসআই ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং কর্তৃপক্ষ ঘটনাটি যাচাই-বাছাই করছে।

তদন্তের দায়িত্বে থাকা সার্কেল এএসপি রাফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি পুলিশ সুপারের কার্যালয়ে আছেন, বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Latest Posts