ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা সোমবার: ইসি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভায় আমরা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেবো। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কত পর্বে এবং কবে কবে হবে সব তারিখ জানিয়ে দেবো।’

নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করবো না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেবো।’

ইউপি নির্বাচন কবে শেষ হবে এমন প্রশ্নে কমিশনার বলেন, ‘আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম আশা করি, সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইসি সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চান তারা।

নির্বাচনের তারিখ নির্ধারণের পর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বলেও জানান তিনি। 

Related Articles

Latest Posts