অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি

বাংলাদেশ নারী দলের ব্যাটিং দুর্দশার করুণ সময়ে ভিন্ন ছবি দেখালেন সোবহানা মুশতারি। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার দ্যুতিময় সেঞ্চুরি করে ফেললেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা বাংলাদেশের প্রথম। পরে খেললেন দেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসও।

অ্যানাবেল সাদারল্যান্ডের ৪৫তম ওভারে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার তিন অঙ্ক স্পর্শ করেন সোবহানা। দারুণ খেলতে থাকা ব্যাটার সেঞ্চুরিতে পৌঁছাতে মেরেছেন ১৫ চার। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৮ চারে আউট হওয়ার আগে করেন ১১৮ রান। ওয়ানডেতে বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।

সোবহানার অসামান্য সেঞ্চুরিতে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ পেয়েছে ২২০ রানের পুঁজি। রানে ভরা ব্রিসবেনের উইকেটে তা হয়ত যথেষ্ট নয়। তবে ব্যক্তিগত নৈপুণ্যে কিছু একটা অর্জনের স্বস্তি থাকছে।

ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে ব্যাট করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন রেকর্ডময় ১৯৫ রানের জুটি। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ছিল জ্যোতি ও শারমিন আক্তারের ১৫২ রানের। ২০২৫ সালে থাইল্যান্ডের বিপক্ষে এই জুটির রেকর্ড গড়েছিলেন তারা। ১৯৫ রানের জুটির ১১৮ রানই সোবহানার।

সোবহানাকে সঙ্গে দিয়ে রান খরা কাটিয়ে জ্যোতি করেন ১১৫ বলে ৭৫ রান।

 

Related Articles

Latest Posts