ইউনিয়ন পরিষদের (ইসি) প্রথম ধাপের নির্বাচন আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে।
আজ সোমবার এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, ‘মোটা দাগে সিদ্ধান্ত হচ্ছে, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মে তারিখের মধ্যে সম্পন্ন হবে। আনুমানিক চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ, যেগুলো ম্যাচিউর হয়ে গেছে বা এই সময়ের মধ্যে নির্বাচন সাইকেলের মধ্যে ঢুকে যাবে, আইন অনুযায়ী এই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন এই তারিখের মধ্যে সম্পন্ন হবে।’
সময়ের স্বল্পতার কারণে নির্বাচনের ধাপ সাতটির পরিবর্তে পাঁচটি নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম ধাপ শুরু হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ, অর্থাৎ শেষ ধাপ ২৭ মে।’
‘সবগুলো দিনই বৃহস্পতিবার,’ যোগ করেন তিনি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইসি সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চান তারা।
নির্বাচনের তারিখ নির্ধারণের পর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বলেও জানিয়েছিলেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়।
চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো— কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের প্রতীকগুলো হলো— আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীকগুলো হলো— উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
