লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের দেওয়া বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে খাবি খাচ্ছে আফগানিস্তান। চা-বিরতির আগেই প্রতিপক্ষের ইনিংসে আঘাত হেনেছেন দুই পেসার ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। আবুধাবি টেস্টে স্পষ্ট দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তাই নাজমুল হোসেন শান্তর দলের হাতে।
সোমবার আবুধাবি টেস্টের চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। ৪৭৯ রান তাড়ায় এখনো ৪২৮ রানে পিছিয়ে তারা। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন আর ৮ উইকেট।
৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। প্রথম ইনিংসে ফিফটি করা আব্দুল মালিক ইবাদতের বল খোঁচা মেরে ক্যাচ দেন লিটনের গ্লাভসে। ৫ বলে ২ রান করেন তিনি। তিনে নামা শহিদুল্লাহ কামাল শিকার হাসানের। সপ্তম ওভারে তারও একই পরিণতি, ক্যাচ জমা পড়ে কিপারের গ্লাভসে।
২৮ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধের চেষ্টায় আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আফগান অধিনায়ক রহমত শাহ। ওপেনার সেদিকুল্লাহ অতলকে নিয়ে টিকে থাকার লড়াই করছেন তিনি। জুটিতে ২৩ রান তুলেছেন তারা। দুজনেই অপরাজিত ১৪ রানে।
