এশিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের টুর্নামেন্টে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে কুয়েতের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশের ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠাই এখন ক্লাবটির মূল লক্ষ্য।
প্রথমবার অংশ নিয়েই ২০টি দল নিয়ে আয়োজিত মূল পর্বে জায়গা পেয়ে বাজিমাত করেছে ফর্টিস। গত আগস্টে প্রিলিমিনারি প্লে-অফ পর্বে তারা হারায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে। এবার তাদের আশা নকআউট পর্বের টিকিট কাটার। এশিয়া মহাদেশের ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এই কীর্তি আছে কেবল আবাহনী লিমিটেডের। তারা ২০১৯ সালে এএফসি কাপে ইন্টার-জোন প্লে-অফের সেমিফাইনালে পৌঁছেছিল।
পশ্চিম এশিয়া অঞ্চলের ‘সি’ গ্রুপে ফর্টিসের তিন প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, স্বাগতিক কুয়েতের আল-কাদসিয়া স্পোর্টিং ক্লাব ও তাজিকিস্তানের রেগার-তাদাজ। এই অঞ্চলের তিনটি গ্রুপের (‘এ’, ‘বি’ ও ‘সি’) চ্যাম্পিয়ন এবং সেরা একটি রানার্সআপ দল যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের বাকি চারটি দল আসবে পূর্ব এশিয়া অঞ্চলের দুটি গ্রুপ থেকে।
দেশ ছাড়ার আগের দিন দ্য ডেইলি স্টারকে ফর্টিসের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে ওঠার একটি বড় লক্ষ্য নির্ধারণ করেছি। যদিও আমাদের সব প্রতিপক্ষই আমাদের চেয়ে ভালো দল। তবে তারা অপরাজেয় নয়।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতের আল-কাদসিয়া মুখোমুখি হবে ফর্টিস। এরপর তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। আর শেষ ম্যাচে তারা লড়বে রেগার-তাদাজের বিপক্ষে।
প্রথম দুই ম্যাচের গুরুত্ব বুঝিয়ে কায়সার বলেন, ‘রেগার-তাদাজের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলার আগেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাই না। তাই আল-কাদসিয়া ও এফসি গোয়ার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে ভালো ফল করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
তিনি যোগ করেন, চেনা আবহাওয়ার কারণে আল-কাদসিয়া বাকি ক্লাবগুলোর চেয়ে বাড়তি সুবিধা পাবে এবং শেষের পথে থাকা তাজিকিস্তানের ঘরোয়া লিগে দারুণ ফর্মে (পয়েন্ট তালিকার শীর্ষে) আছে রেগার-তাদাজ।
বাংলাদেশের ঘরোয়া লিগের (বিএফএল) নতুন মৌসুমে ফর্টিসও ভালো শুরু পেয়েছে। প্রথম তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ের পথে ১৫টি গোল করেছে তারা। তবে প্রতিপক্ষ দলগুলো তেমন পরীক্ষা নিতে পারেনি বলে এই ফলাফলে গা ভাসাতে চান না কায়সার।
ফর্টিসের কোচ বলেন, ‘আমি মনে করি, এই তিনটি ঘরোয়া ম্যাচ আমাদের খেলার ধরন ঠিক করতে, আক্রমণ সাজাতে এবং রক্ষণ সামলাতে সাহায্য করবে। তবে আমার মনে হয়, প্রিলিমিনারি পর্বে মুরাস ইউনাইটেডের বিপক্ষে আমরা যেমন খেলেছিলাম, তার চেয়েও এখন আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’
