নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে এবং দেওভোগ পাক্কা রোডের বাসা থেকে আইনজীবী মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জিয়াউল ইসলাম কাজল জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি।

তারেক আল মেহেদী জানান, গতকাল মঙ্গলবার জুলাইয়ের একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন সাবেক মেয়র আইভী। ওই সময় আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় তাদের সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই মামলার এজাহারে তিনজনের নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ বিষয়ে কাজল ও তুষারের সহকর্মীরা দাবি করেছেন, গতকাল তারা পেশাগত অবস্থান থেকে আদালতে উপস্থিত হয়েছিলেন। তারা কোনো স্লোগান দেননি।

জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘জিয়াউল ইসলাম কাজল সন্ত্রাস বিরোধী আন্দোলনে সব সময় সক্রিয় ছিলেন। চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে কর্মসূচি পালনের সময়ও জোটের সভাপতি ছিলেন কাজল।’

তাদের গ্রেপ্তারে পুলিশের যুক্তি সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘কারও পুরোনো অবস্থান আর বর্তমান অবস্থান ভিন্ন হতে পারে। আমরা তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করেছি।’

Related Articles

Latest Posts