সাজেক সড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়কে অবরোধ চলছে। সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

সকাল থেকে বাঘাইহাট ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলো ও উজোবাজারসহ বিভিন্ন জায়গায় অবরোধকারীরা জড়ো হন। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরানোসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি চলছে।

এর আগে গত রোববার সাজেক সড়কে অবরোধ ডাকা হয়েছিল। সেদিন প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে গতকাল বুধবার বিবৃতি দিয়ে দ্বিতীয় দফায় অবরোধের ঘোষণা দেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

তাদের অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে ব্যর্থ হওয়ায় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করায় দ্বিতীয় দফায় অবরোধ ডাকা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। সাজেক সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, অবরোধের কারণে সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Related Articles

Latest Posts