‘সামনে ভালো কিছু কাজের খবর দিতে পারব’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। ‘নদীজন’ সিনেমার জন্য তিনি এই পুরস্কার পান। এরপর বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে পুরস্কার ও প্রশংসা—দুটোই পেয়েছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমা তাকে আলোচনায় এনেছে। এরপর ‘দাগি’ সিনেমার জন্যও আলোচিত হন তিনি। গত বছর ‘আমলনামা’ ওয়েব ফিল্মের জন্য বেশ সাড়া পেয়েছিলেন।

এবার ‘আমলনামা’ ওয়েব ফিল্মের জন্য দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এই পুরস্কার পাওয়ার এক দিন পরই তিনি ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন।

‘আমলনামা’র জন্য পুরস্কার পাওয়ার বিষয়ে তমা মির্জা বলেন, ‘আমলনামার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক খুশি আমি। যারা আমলনামা দেখেছেন, সবাই খুব প্রশংসা করেছেন। সবার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছি। চরিত্রটিতে অভিনয় করার অনেক সুযোগ পেয়েছিলাম। খুব ভালো একটি কাজ ছিল।’

‘আমলনামা’ পরিচালনা করেছেন রায়হান রাফী। তার ব্যাপারে তমা বলেন, ‘পরিচালক অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। তার পরিচালনা মানেই ভিন্ন কিছু। আমলনামাতেও সেই ভিন্নতা ও মেধার পরিচয় দিয়েছেন।’

ডেইলি স্টার-ব্লেন্ডার্স চয়েস পুরস্কার যেদিন পেলেন, সেদিন মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তমা মির্জা। সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন এবং পুরস্কার পান। তিনি বলেন, ‘পরপর দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লেগেছে। ঢালিউড অ্যাওয়ার্ড যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।’

‘সত্যি কথা বলতে, অভিনয়শিল্পী হিসেবে নিজের ভেতরে একটা দায়বদ্ধতা কাজ করে। সেই দায়বদ্ধতা হচ্ছে ভালো কাজ করার, মানসম্পন্ন কাজ করার। বেশ কিছু ভালো ভালো কাজ আমি করেছি। যে কারণে এখন ভালো কাজ দিয়েই আগামীর দিনগুলো পার করতে চাই। বেছে বেছে সুন্দর সুন্দর কাজ করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ পাব। আশা করছি, সামনে কিছু ভালো কাজের খবর দিতে পারব। সেভাবেই এগোচ্ছি।’

গত কয়েক মাস ধরে বেসরকারি একটি ব্যাংকে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। এই কাজটি কেমন উপভোগ করছেন, জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘ব্যাংকের চাকরি উপভোগ করছি। অভিনয়জীবনের বাইরে নতুন একটি জীবন, ভালোই লাগছে। নিয়ম করে অফিস করা, নতুন সহকর্মীদের সঙ্গে কাজ করা—আসলেই অন্য রকম লাগছে। আমি চাই, নতুন পরিচয়টি যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি।’

সবশেষে তিনি বলেন, ‘সবার ভালোবাসায় কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও ভালো কাজ দিয়েই এগিয়ে যেতে চাই।’দ

Related Articles

Latest Posts