‘কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব’: অস্ত্রোপচারের পর মার্তিনেজ

গত রাতে বল ধরতে গিয়ে যেভাবে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, তাতে ভক্তদের বুকে কাঁপন ধরে গিয়েছিলো। স্ট্রেচারে করে পরে চেলসির আর্জেন্টাইন গোলরক্ষককে নেওয়া হয় হাসপাতালে। চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় পরে অস্ত্রোপচারও করতে হয় তার। তবে ভয় কাটিয়ে শঙ্কামুক্ত হওয়া এমিলিয়ানো জানিয়েছেন, দ্রুতই মাঠে ফিরবেন তিনি। 

A post shared by Emi Martinez (@emi_martinez26)

অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তার জন্য ধন্যবাদ জানান এবং নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য দেন মার্তিনেজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজ লিখেছেন, ‘শুভকামনা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ, অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি।’ এরপর তিনি যোগ করেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব।’

তবে এই আর্জেন্টাইন তারকাকে সুস্থ হয়ে উঠতে অন্তত ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে চেলসির আসন্ন ম্যাচগুলোর পাশাপাশি এ বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেও তাকে পাচ্ছে না আর্জেন্টিনা। নভেম্বরের মাঝামাঝি সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিরুদ্ধে খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের।

প্রাথমিক স্ক্যানে তার ঘাড়, পিঠ বা মাথার খুলিতে কোনো বড় ধরনের জটিলতা ধরা না পড়লেও, পরবর্তী পরীক্ষায় দেখা যায় তার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় গোলরক্ষকের জন্য বার্তা পাঠিয়েছেন। 

তাপিয়া লিখেছেন, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত আরোগ্য ও শক্তির জন্য শুভকামনা। দূর থেকে একরাশ ভালোবাসা। আমার কোনো সন্দেহ নেই যে তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সুসময় বা দুঃসময়—সবসময় আমি তোমার সঙ্গে আছি। তোমাকে ভালোবাসি, আমার বন্ধু।’

নিজের দ্রুত প্রত্যাবর্তনের ব্যাপারে মার্তিনেজ আশাবাদী হলেও, পূর্ণাঙ্গ পুনর্বাসনের প্রক্রিয়ার কারণে তাকে কিছুদিন মাঠের বাইরেই কাটাতে হবে।

 

Related Articles

Latest Posts