আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের খেলা জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে বসে দেখতে ভক্ত-সমর্থকদের পকেট থেকে গুনতে হবে ১০০০ টাকা। আগামী ৫ নভেম্বর ঢাকায় পর্দা উঠতে যাওয়া এই আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ম্যাচডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। ১ হাজার টাকার এই প্যাকেজ টিকিটে দর্শকরা প্রতিদিনের দুটি ম্যাচই উপভোগ করতে পারবেন।
টিকিট বিক্রির স্বত্ব দেওয়া হয়েছে বিপণন সংস্থা টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে মিলবে টিকিট। তবে এই চড়া দামের পক্ষে যুক্তি দিয়ে কাট্টেল বলেছেন, ‘মুদ্রাস্ফীতি ও উচ্চ বিমান ভাড়াসহ টুর্নামেন্ট আয়োজনের অনেক ব্যয় বেড়েছে। ফলে টিকিট বিক্রির স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের পক্ষে দাম কমানো কঠিন।’
ছয় দেশের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। সাফে ভারতের অংশগ্রহণ না করা নিয়ে চলা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন নেপালে জন্মগ্রহণ করা এই ফুটবল কর্মকর্তা। কাট্টেল জানিয়েছেন, ভারত যে দলই পাঠাক না কেন, সেটিকেই তাদের জাতীয় দল হিসেবে গণ্য করা হবে।
একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকায় শীর্ষ তারকাদের বাদ দিয়ে দল পাঠাতে পারে ভারত। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সাফের সব ম্যাচই ‘টায়ার-১’ ক্যাটাগরির আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে বলে নিশ্চিত করেছেন কাট্টেল।
এবারের টুর্নামেন্টে প্রযুক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। ভেন্যুগত সীমাবদ্ধতার কারণে পূর্ণাঙ্গ ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহার সম্ভব না হলেও যুক্ত করা হচ্ছে ‘ভিএআর লাইট’।
গ্রুপ পর্বের শেষ ম্যাচডে থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালে এই ‘ভিএআর লাইট’ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কাট্টেল। জাতীয় স্টেডিয়ামের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এটি পরিচালনাকারী দল দূরবর্তী স্থান থেকে তাদের কাজ করবে।
