ব্যালন ডি’অর জয়ীদের সুদীর্ঘ তালিকায় রয়েছে বিশ্ব ফুটবলের সেরা সব নাম। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, ফ্রাঙ্ক বেকেনবাউয়ার, ইউসেবিও, জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা জিতেছেন এই পুরস্কার।
এখন এই তালিকায় বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের নামও যোগ হয়েছে। সোমবার রাতে লন্ডনে অনুষ্ঠিত আয়োজনে তিনি জিতে নিয়েছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর। অথচ ফুটবলের সর্বকালের সেরা দুই মহাতারকা— আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের পেলে কখনো মর্যাদাপূর্ণ এই সম্মাননা জেতার সুযোগই পাননি।
কিন্তু কেন? কারণ শুরুতে ব্যালন ডি’অর দেওয়া হতো কেবল ইউরোপিয়ান খেলোয়াড়দের। এক সময় এই পুরস্কারকে বলা হতো ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার। ১৯৫৬ সালে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল পুরস্কারটি চালু হওয়ার পর থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এই নিয়মই বহাল ছিল।
১৯৯৫ সালে নিয়মে পরিবর্তন আসে। ইউরোপের কোনো ক্লাবে খেললে যেকোনো দেশের ফুটবলারের জন্যই সম্মাননাটি উন্মুক্ত করা হয়। নিয়ম বদলের পর ইউরোপ মহাদেশের বাইরের প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন এসি মিলানের সাবেক লাইবেরিয়ান স্ট্রাইকার জর্জ উইয়াহ।
এরপর ব্রাজিলের রোনালদো, রোনালদিনিয়ো, রিভালদো ও কাকার পাশাপাশি বেশ কয়েকবার পুরস্কারটি নিজের করে নেন আর্জেন্টিনার মেসি।
পরবর্তীতে ২০০৭ সালে নিয়ম আরও শিথিল করা হয়। শুধু ইউরোপ নয়, বিশ্বের যেকোনো প্রান্তের ক্লাবে খেলা যেকোনো ফুটবলারের জন্যই ব্যালন ডি’অর উন্মুক্ত করা হয়। তবে শুরুর সেই পুরোনো নিয়মের কারণেই দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার কখনো ব্যালন ডি’অর জেতা হয়নি।
২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী স্ট্রাইকার পেলে। তিনি ১৯৭৭ সালে আমেরিকান ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে খেলে পেশাদার ফুটবল থেকে অবসরে যান। সেটি ছিল কোনো অ-ইউরোপিয়ান খেলোয়াড়ের প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার প্রায় দুই দশক আগের কথা।
অন্যদিকে, ক্যারিয়ারের ইতি টানার আগে ম্যারাডোনা ইউরোপে বার্সেলোনা, নাপোলি ও সেভিয়ার মতো ক্লাবের হয়ে খেলেন। এরপর ১৯৯৩ সালে আর্জেন্টিনায় ফিরে যান ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। কোকেন গ্রহণের কারণে পাওয়া ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর ততদিনে তিনি অবশ্য তার সেরা সময় পেছনে ফেলে এসেছিলেন।
