আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে দেশে ফিরলেন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলে দেশে ফিরেছেন।

আজ শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন-২ টেকনাফের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবির মধ্যস্থতায় ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক ও একজন রোহিঙ্গা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার নাফ নদীর জিরো লাইনে আরাকান আর্মির প্রতিনিধিদের কাছ থেকে বিজিবির একটি দল জেলেদের গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিতে নিয়ে আসা হয়।

বিজিবি জানায়, ২০২৫ ও ২০২৬ সালে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরার সময় জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিলেন। পরে আরাকান আর্মি তাদের আটক করে ও মিয়ানমারের অভ্যন্তরে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত ক্যাম্পে আটকে রাখে।

সীমান্তরক্ষী বাহিনীটি জানায়, মানবিক দিক বিবেচনায় নিয়ে বিজিবির কক্সবাজার অঞ্চল আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। দীর্ঘমেয়াদি সমন্বয় ও প্রচেষ্টার পর ধাপে ধাপে আটক জেলেদের ফেরত আনার প্রচেষ্টায় অগ্রগতি আসে।

বর্তমানে ফেরত আসাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করছেন।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের জনগণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

‘মিয়ানমারে এখনও আটক থাকা অন্যান্য জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে,’ বলেন তিনি।

এ উদ্যোগে আটক জেলেদের পরিবারগুলো স্বস্তি পেয়েছে বলেও জানায় বিজিবি।

Related Articles

Latest Posts