মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ বছরের ছেলেসহ দম্পতি নিহত

কিশোরগঞ্জের মিঠামইনের অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আট বছর বয়সী সন্তানসহ এক দম্পতি নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও ছেলে মুহাম্মদ আয়ান (৮)। কিশোরগঞ্জ জেলা শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন মনির।

মহিষারকান্দি গ্রামের বাসিন্দা মোজাহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে শহর থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন মনির। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অষ্টগ্রাম থেকে মিঠামইনের বাড়িতে যাওয়ার পথে ভাতশালা এলাকায় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পরে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি জব্দ করে ও চালককে থানায় নিয়ে যায়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Latest Posts