ঢাকার সাভারে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা এখনো লিখিত আদেশ পাইনি, তবে মৌখিকভাবে প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সম্প্রতি সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছেন।
‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো মনে করছেন, ওসি আইনশৃঙ্খলা রক্ষায় যে ধরনের ভূমিকা রাখার কথা, তা পালনে তিনি ব্যর্থ হচ্ছেন, যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।
এর আগে গতকাল সোমবার হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি শামীম রেজার সঙ্গে সখ্যতা ও যোগাযোগ থাকার অভিযোগে পুলিশের ৩ সদস্যকে প্রত্যাহার করা হয়।
তারা হলেন—সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ও দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিফুর রহমান ও মেরাজুল ইসলাম।
গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ করে গিয়ে হামলার শিকার হন বেসরকারি চ্যানেল দেশ টিভির সিনিয়র রিপোর্টার তায়েফুর রহমান তুহিন ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। এছাড়া হামলায় দেশ টিভির ক্যামেরাপারসন কাইয়ুম ও ড্রাইভার জয়নাল আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করে।
এদিকে, পুলিশের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত শামীমকে আটক না করা এবং পরে পুলিশের আরেকটি দল পৌঁছানোর আগেই তার পালিয়ে যাওয়ার ঘটনায় কিছু কর্মকর্তার সঙ্গে শামীমের সখ্যতা ও যোগাযোগের অভিযোগ ওঠে।
হামলার ঘটনায় ওইদিন রাতে শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।
