সামাজিকমাধ্যমে মৃত্যুর গুজব, শক্তি কাপুর বললেন ‘আমি সুস্থ আছি’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব ছড়ায়। পরে অভিনেতা নিজেই এক ভিডিও বার্তায় জানান, ‘আমি পুরোপুরি সুস্থ আছি, ভালো আছি’।

আজ শুক্রবার বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভিডিওতে তিনি ভুয়া খবর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের গুজব দায়িত্বজ্ঞানহীনভাবে ছড়ানো উচিত নয়।

এ ঘটনাকে তিনি ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেন। তিনি জানান, যারা এই ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব খবরে পাত্তা দেবেন না। আমি এ ব্যাপারে অভিযোগ করব। এটা মোটেও ভালো কাজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি সাইবার অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ এ ধরনের কাজ একদমই ঠিক নয়।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে মুম্বাইয়ের একটি হাসপাতালে বাবা শক্তি কাপুরের সঙ্গে দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা কাপুর তার বাবাকে গাড়িতে উঠতে সাহায্য করছেন। দুজনের মুখেই মাস্ক ছিল।

Related Articles

Latest Posts