ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ আজ শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ ইসলাম। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুন্সিগঞ্জ সদর উপজেলার বাকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে মোহাম্মদ শ্রাবণ গত ১০ বছর ধরে বাগদাদে বসবাস ও কাজ করছিলেন।
গত ২৭ মে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৮৪৩ ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে যাত্রাবিরতির পর তা ঢাকায় এসে পৌঁছেছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
