চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য থাকবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এই এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের তথ্য ফাঁস হওয়ার অভিযোগ তুলে বলেন, কোনো কারণে অভিযানের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আমরা পরিকল্পনা অনুযায়ী আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। অপরাধী চক্র আগে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের (নজরদারি চৌকি) নেটওয়ার্ক তৈরি করে এই এলাকার কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখত, যা এখন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যৌথ বাহিনীর ক্যাম্পে আগের হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, অপরাধীরা কীভাবে এত সাহস পায় যে তারা সরকারকে চ্যালেঞ্জ করে? এমনকি নির্মাণাধীন র্যাবের একটি স্থাপনা ভাঙচুর করার মতো ধৃষ্টতাও তারা দেখিয়েছে।
তিনি আরও বলেন, এই এলাকায় ভূমি দখল এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যেই শনাক্ত করেছে প্রশাসন।
তিনি জানান, আলীনগর, বেতুয়া ও চা-বাগানসহ আশেপাশের এলাকাগুলোকেও নিয়ন্ত্রণে আনা হবে। সরকার এই এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা ভাবছে। এর মধ্যে সলিমপুরের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী, হাটহাজারী বাইপাস এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে যুক্ত করার জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব, কারাগার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য স্থাপনা তৈরির পরিকল্পনা চলছে।
সেখানে দীর্ঘদিন ধরে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, তাদের জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হবে এবং ‘আপাতত এই এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না।’
