নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফুট ওভারব্রিজে সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মাধনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—রংপুরের জয়দেব গ্রামের রাব্বী হোসেন (২৪) ও দিনাজপুরের মোল্লাপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (১৯)।
এসআই ওবায়দুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টার দিকে মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা ২ যাত্রী স্টেশনের ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
