৪ নায়িকার চোখে ‘অভিনয়ের জাদুকর’ চঞ্চল চৌধুরী

বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। একের পর এক প্রশংসিত কাজের মাধ্যমে দর্শক ও সমালোচকদের স্বীকৃতিও অর্জন করেছেন। দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা।

মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেতা সিনেমা, নাটক ও ওটিটি—সব মাধ্যমেই সাফল্যের ছাপ রেখেছেন। তার অভিনীত চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশেও প্রদর্শিত হয়েছে। ক্যারিয়ারে একাধিকবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই গুণী শিল্পীর আজ জন্মদিন। এ দিনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে চার জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা।

জয়া আহসান বলেন, ‘একজন শিল্পীকে প্রথমে সংবেদনশীল মানুষ হতে হয়। চঞ্চল চৌধুরী তেমনই একজন। ভালো মানুষ। শিল্পীর যত গুণ থাকা দরকার সবই তার মধ্যে আছে। বারবার তিনি প্রমাণ করেছেন সুন্দর অভিনয় দিয়ে। অভিনয়ের জাদুকর চঞ্চল চৌধুরী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে অভিনয়ের মধ্যে দিয়ে বহু বছর ধরে বিনোদন দিয়ে যাচ্ছেন। তিনি বড় মাপের শিল্পী। তাকে কিছু দেওয়ার দায় আমাদেরও আছে।’

চঞ্চল চৌধুরীর ব্যক্তিত্বের আরও কিছু দিক তুলে ধরে জয়া বলেন, ‘আমি ফেসবুকে লিখেছি—স্ট্যান্ডআপ কমেডিয়ান, দুরন্ত ড্রাইভার ও অভিনেতা। এত ভালো গাড়ি ড্রাইভ করতে পারেন, যা বলার অপেক্ষা রাখে না। মজা করে বলি, তিনি যদি অভিনয় না করে গাড়ি ড্রাইভ করেন আর কমেডি করেন, তাহলেও সারাটা জীবন সুন্দরভাবে চলতে পারবেন। সহশিল্পী হিসেবে অসাধারণ।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘মানুষ হিসেবে চঞ্চল চৌধুরী ভীষণ আন্তরিক। ভীষণ অতিথিপরায়ণ। ভীষণ ভালো মানুষ। তার বাসায় গিয়েছি, তার স্ত্রীও খুব আন্তরিক।’

তিনি বলেন, ‘দুজনে অনেক নাটক করেছি একসঙ্গে। অনেক স্মৃতি আছে। তবে সিনেমা একটাই—‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটিকে ঘিরে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা একসঙ্গে রিহার্সেল করেছি। একজন সহশিল্পী হিসেবে তিনি দারুণ।’

চঞ্চলের বহুমাত্রিক প্রতিভার প্রসঙ্গ তুলে বাঁধন বলেন, ‘তার সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। খুব বেছে বেছে সিনেমা করেন। অভিনয়শিল্পীর বাইরে একজন গায়কও তিনি। ভালো গান করতে পারেন। ভালো ছবি আঁকতে পারেন। আজ প্রিয় সহশিল্পীর জন্মদিন। বিশেষ দিনে তার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।’

জাকিয়া বারী মম বলেন, ‘চঞ্চল চৌধুরী একজন শিল্পী। পরিপূর্ণ শিল্পী। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে। অভিনয়ের সবগুলো মাধ্যমেই তিনি সফল।’

তিনি বলেন, ‘তার ক্যারিয়ারে ভালো ভালো কিছু সিনেমা যুক্ত হয়েছে, যা দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে। আমরা একসঙ্গে নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অতুলনীয়। মানুষ হিসেবেও খুব ভালো। একজন অসাধারণ অভিনেতা তো বটেই।’

‘বনলতা এক্সপ্রেস’ প্রসঙ্গে মম বলেন, ‘বনলতা এক্সপ্রেস সিনেমায় আমরা অভিনয় করেছি। যে সিনেমার সাফল্যের ধারাবাহিকতা এখনো আছে। অভিনয়ের জাদুকর চঞ্চল চৌধুরী। শুভ জন্মদিন ভাই। কেবলই শুভকামনা।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘প্রথমেই বলতে হয়, চঞ্চল দা খুব ভালো মানুষ। পুরোপুরি একজন শিল্পী। নাটক, সিনেমা, ওটিটি—সবখানেই তিনি সফল।’

তিনি বলেন, ‘দাদার সঙ্গে বেশ কয়েকটি নাটক করেছি। যখন অভিনয় করেন, শতভাগ দরদ ও ভালোবাসা দিয়ে করেন। অভিনয় করার সময় প্রচণ্ড মনোযোগী থাকেন। সহশিল্পীর প্রতি তার সম্মান রয়েছে। যে কারণে তার কাজগুলোও আলাদা হয়ে থাকে।’

মিমের ভাষায়, ‘একজন সহশিল্পী হিসেবে তিনি খুব ইতিবাচক। দর্শকরাও তাকে ভালোবাসেন। মানুষ হিসেবে তাকে মনে হয়েছে সবার আপন হয়ে যাওয়ার ক্ষমতা আছে। বড় পর্দায় আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তার সিনেমা দেখেছি। সবগুলো সিনেমা করেই আলোচনায় এসেছেন।’

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এভাবেই আরও বহু বছর অভিনয় করে যান। জন্মদিনের শুভেচ্ছা, দাদা।’

Related Articles

Latest Posts