অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ৩০ বছর বয়সী অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দল। তিনি সবশেষ ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ে সিরিজের সময় টাইগারদের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেছিলেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে আশানুরূপ পারফর্ম করতে না পারা আফিফ হোসেন এবং গত কয়েকটি সিরিজে দলের সাইড বেঞ্চে থাকা উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন— এই দুজনকে অজিদের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত টাইগারদের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৯ জুন। পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। সবগুলো খেলা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছরের অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দল থেকে বাইরে থাকা নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছে অঙ্কনের জায়গায়।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, তাদের কিছু কৌশলগত পরিবর্তন আনার প্রয়োজন ছিল, যেকারণে এই রদবদল করা হয়েছে।
বিসিবির এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বলেন, ‘আমরা এটা বলতে পারি না যে, আমরা অঙ্কনকে পর্যাপ্ত সুযোগ দিয়েছি। আবার এটাও বলতে পারি না যে, আফিফকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আমার মনে হয়, সে (আফিফ) আরও কিছু সুযোগ পাওয়ার যোগ্য। তবে এই মুহূর্তে আমরা কিছু কৌশলগত পরিবর্তন আনছি, যার কারণে এই দুটি পরিবর্তন হয়েছে। মোসাদ্দেক খুব ভালো ব্যাটিং করছে এবং ছয় নম্বরে তার খেলার দক্ষতা আমাদের কাজে আসবে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে তার যোগ্যতা আমাদের জন্য উপকারী হবে। তার বোলিং বেশ কার্যকর এবং সে আসায় আমরা দলে আরও ভালো ভারসাম্য পাব।’
বাশার আরও উল্লেখ করেন যে, প্রিমিয়ার লিগে অঙ্কন টপ-অর্ডার ব্যাটার হিসেবে সফল হওয়ায় তারা সোহানকে দলে এনেছেন। কারণ, ছয় বা সাত নম্বরে অর্থাৎ লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে সোহানের কার্যকারিতা বেশি নির্ভরযোগ্য।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
