বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেতা আমির খান। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন তিনি।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনেই ছোট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে পারেন আমির।
খবর অনুযায়ী, এই আয়োজন হবে একেবারেই ব্যক্তিগত। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া সেখানে আর কাউকে আমন্ত্রণ জানানো হবে না। কয়েক মাস ধরেই দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। এখন সেই সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
অবশ্য ছোট পরিসরের অনুষ্ঠান হলেও অতিথি তালিকা নিয়ে ইতোমধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে।
বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। আমিরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে শেষ পর্যন্ত তারা উপস্থিত থাকবেন কি না, তা নির্ভর করবে তাদের ব্যস্ততার ওপর।
এর আগে, গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির খান।
সেই সময়ই তিনি জানান, তাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এরপর থেকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে এই যুগলকে। ফলে বিয়ের খবর সামনে আসতেই তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে উঠেছে।
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে বেড়ে উঠেছেন। ফ্যাশন ও স্টাইলিং বিষয়ে পড়ালেখা করেছেন লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে।
তবে এখন পর্যন্ত আমির খান বা গৌরী স্প্র্যাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফলে ৫ জুলাইয়ের সেই সম্ভাব্য আয়োজন আদৌ বাস্তব হচ্ছে কি না, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
