পল্লবীর ফ্ল্যাটে নারীর অর্ধগলিত মরদেহ, স্বামী-সন্তান থাকেন কানাডায়

রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন।

সেলিনা আফরোজ নামে ওই নারীর বয়স ৫৫ বছর। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বেশ কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির জানান, সেলিনা আফরোজ পল্লবীর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর রোডের একটি ফ্ল্যাটে একা থাকতেন। 

তিনি আরও জানান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল এবং মেঝের ওপর তার মরদেহটি পড়ে ছিল। পুলিশ গতকাল বুধবার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, প্রায় ১২ বছর আগে সেলিনা কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং এরপর থেকে পরিবারের মালিকানাধীন এই ফ্ল্যাটটিতে একাই থাকতেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল।

পুলিশ জানায়, একই ভবনের ওপরের তলায় তার এক বোন থাকেন। মরদেহ উদ্ধারের আগের কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা সেলিনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

Related Articles

Latest Posts