ভারতের নয়াদিল্লির একটি হোটেলে গত বুধবার লাগা আগুনের ঘটনায় সাতটি দেশের মোট ২২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
আগুনে মৃত ওই ব্যক্তির নাম মো. নুরুল আমিন (৪৪)।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গতকাল বৃহস্পতিবার রাতে জানায়, তারা নুরুল আমিনের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করছে।
ওই আগুনে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার দুটি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ম্যাক্স হাসপাতালের কাছেই ওই হোটেলে অবস্থান করছিল।
বাংলাদেশ মিশন জানায়, তারা নয়াদিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ম্যাক্স হাসপাতালে ভর্তি থাকা সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
রোগীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখতে, চিকিৎসাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ভেতরেই মিশনের কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন আরও জানায়, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে।
আগুনের ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে গতকাল বুধবার জানিয়েছিল হাইকমিশন।
