সূর্যকুমারের বদলে ভারতের টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন শ্রেয়াস

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং একই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট। সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। এর সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ১৫ বছর বয়সী সাড়া জাগানো ব্যাটার বৈভব সূর্যবংশী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, এসব আলোচিত বদল এনে শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। গত মার্চ মাসে সূর্যকুমারের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।

দল থেকে বাদ পড়ছেন সূর্যকুমার? ৩৫ বছর বয়সী সূর্যকুমারকে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও পুরোপুরি বাদ দেওয়া হতে পারে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। সেখানে ৯ ইনিংসে তিনি করেন মাত্র ২৪২ রান। এরপর আইপিএলেও ছন্দে ছিলেন না তিনি; ১৩ ইনিংসে ২০.৭৬ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে করেন মাত্র ২৭০ রান। মূলত এই খারাপ ফর্মের কারণেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অধিনায়ক হিসেবে শ্রেয়াসের প্রত্যাবর্তন শ্রেয়াস আইয়ারের বয়স এখন ৩১ বছর। দলের কম্বিনেশনের কারণে ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে তিনি কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। মিডল অর্ডারে সূর্যকুমার ও তিলক বর্মা থাকায় তাঁকে বাইরে বসে থাকতে হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ইনজুরির বিকল্প হিসেবে তাঁকে স্কোয়াডে নেওয়া হলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

তবে অধিনায়ক হিসেবে শ্রেয়াস নিজেকে বারবার প্রমাণ করেছেন। তাঁর অধীনেই ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে তিনি ফাইনালে তোলেন। ব্যাট হাতেও তিনি দারুণ ফর্মে আছেন; ২০২৫ সালের আইপিএলে ৬০৪ রান এবং ২০২৬ সালের আসরে করেন ৪৯৮ রান।

নির্বাচকদের কঠোর সিদ্ধান্ত টানা দ্বিতীয় বছরের মতো এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভারতের নির্বাচকরা। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সিরিজের আগেই তাঁকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য রোহিত ব্যাটসম্যান হিসেবে দলে খেলা চালিয়ে যান।

শচীনের পর সর্বকনিষ্ঠ সূর্যবংশী আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ১৯৮০-এর দশকের শেষে শচীন টেন্ডুলকারের পর তিনিই হতে যাচ্ছেন ভারতের পুরুষ দলে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। সদ্য সমাপ্ত আইপিএলে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে, ৯ থেকে ২১ জুন শ্রীলঙ্কায় আফগানিস্তান ও ভারতকে নিয়ে অনুষ্ঠিতব্য একটি ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন সূর্যবংশী।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সূচি আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

 

Related Articles

Latest Posts