যমুনা সেতুতে দুর্ঘটনা, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোররাত থেকেই এই পরিস্থিতি রয়েছে।
আজ শনিবার সকালে ১১টার দিকে সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানায়, সড়কে চাপ থাকলেও সেতুতে যানবাহন আটকে থাকছে না।
যোগাযোগ করা হলে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যানবাহনের অতিরিক্ত চাপ, সেতুতে দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’
দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও মোটরশ্রমিকরা। ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের চালক নুরুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল থেকেই যানজট শুরু হয়েছে। এলেঙ্গা এলাকায় এসে পুরোপুরি আটকে আছি। গরমের কারণে ভোগান্তি আরও বেড়ে গেছে।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, ‘যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’
