ঢাকার ধামরাইয়ে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অটোরিকশাচালক মো. রুবেল (৩০) উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রুবেল। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রুবেলকে পিটুনি দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওসি মো নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত রুবেলকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আসামি অপরাধ স্বীকার করায় রিমান্ড আবেদন ছাড়াই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
