ফ্যাসিবাদী আমলে সুবিধাভোগী ঠিকাদাররা যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্পের কাজ না পায়, সে জন্য সরকার সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নরসিংদী-২ আসনে বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন অভিযোগ করেন, ই-জিপি ব্যবস্থার আওতায় সাবেক শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদাররা তখনকার সময়ে গড়ে তোলা প্রোফাইলের ভিত্তিতে এখনো দরপত্রে জয়ী হচ্ছেন।
তিনি দাবি করেন, এসব ঠিকাদার প্রায়ই প্রকল্পের কাজ একাধিকবার বিক্রি করে দেন ও শেষ পর্যন্ত অযোগ্য স্থানীয় ঠিকাদারদের কাছে কাজ হস্তান্তর করেন, যারা অধিক মুনাফার জন্য নিম্নমানের উপকরণ ব্যবহার করে।
মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। সঠিক ব্যক্তিরা যেন কাজ পান—নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করা হবে। তবে কোন কোন আইন বিবেচনায় রয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
ই-জিপি ব্যবস্থা বর্তমানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বা সরকারি ক্রয় আইনের আওতায় পরিচালিত হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে ঢাকা ও অন্যান্য শহরের খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, একসময় শিশু-কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বিনোদনের গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে মাদকসেবী, বখাটে, অবৈধ দখলদার ও হকারদের দখলে চলে গেছে।
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক ও অন্যান্য কারণে দেশের অনেক মাঠ ও উন্মুক্ত স্থান দখল হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব স্থান পুনরুদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৫৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্ককে হকার ও অপরাধমুক্ত করে আধুনিক পার্কে রূপান্তর করা হয়েছে। এছাড়া মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, রসুলবাগ মাঠ, খিলগাঁও-বাসাবো মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, হাজারীবাগ পার্ক ও আমলীগোলা খেলার মাঠসহ বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ চলমান রয়েছে।’
