নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো—কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জহিরুল ইসলামের ছেলে বাদল মিয়া (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আবু জাফর (১৫)। তারা ওই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা দ্য ডেইলি স্টারকে বলেন, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ ডেইলি স্টারকে বলেন, বজ্রপাতে আহত এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।
