বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছেন বলে অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার।
আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপি শ্যোন অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করেছেন। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলবো।
তিনি বলেন, আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো—বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড (কোনো কিছুই নজর এড়ায় না ও কোনো অপরাধই শাস্তি ছাড়া থাকে না)। আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারহানা।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।
রুমিন ফারহানা বলেন, নতুন অর্থবছরের বাজেট দেওয়া হয়েছে। এ বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এটা কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট, সেটাও একটা বড় প্রশ্ন।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনায় মনে হয়, সরকারের দুই মন্ত্রীর কাঁধে প্রায় ৫০ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়গুলোর বিষয়ে যতটা আগ্রহ, উৎসাহ ও তৎপরতা দেখান, নিজের মন্ত্রণালয়ের ক্ষেত্রে যদি সেই একই তৎপরতা দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো’, বলেন তিনি।
