ইনোসেন্টের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিশাল লিড, তাইজুলের ৭ উইকেটের পরও ব্যাকফুটে বাংলাদেশ

বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধভেরেদের ফিফটিতে চারশো ছাড়ানো পুঁজি পেল জিম্বাবুয়ে। লিড নিয়ে গেল প্রায় তিনশোর কাছে। পেসারদের হতাশার মাঝে ব্যতিক্রম ছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। লম্বা স্পেলে বল করে ৭ উইকেট দখল করলেন। টেস্টে উনিশতমবারের মতো ফাইফার পাওয়ার ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেটের দেখাও পেলেন তিনি। তবে ম্যাচে এখনো অনেকটাই পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

হারারে টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল বল হাতে ঝলক দেখালেও ততক্ষণে ম্যাচে জিম্বাবুয়ের দাপট হয়ে যায় স্পষ্ট। বাংলাদেশের ১৪০ রানের জবাবে ৪১০ রান করে অলআউট হয়েছে তারা। ৪০.২ ওভার বল করে ১৩৮ রান দিয়ে ৭ উইকেট নেন তাইজুল।

বাংলাদেশ গোটা দল মিলে যেখানে করেছে ১৪০ রান, জিম্বাবুয়েকে ২৭০ রানের লিড পাইয়ে দিতে ওপেনার ইনোসেন্ট একাই করেন ১৪০ রান। বেনেটের ব্যাট থেকে আসে ৫৯। আরভিন করেন ৬০। কিপার-ব্যাটার মাধভেরে অপরাজিত থাকেন ৭৭ রানে।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ১১ বলে ৯ রান করে রিচার্ড এনগারাভার বলে ফিরে গেছেন সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয়ের (২১) সঙ্গে ক্রিজে আছেন মুমিনুল হক (৯)।

আগের দিনের ১ উইকেটে ১৩৬ রান নিয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিক দল। খালেদ আহমেদের বাড়তি লাফানো বলে উইকেটের পেছনে ধরা দেন ব্র্যান্ডন টেইলর।

এরপর বড় জুটি পেয়ে যায় তারা। শুরুতে বেনেটকে নিয়ে রান বাড়ান ইনোসেন্ট। বেনেট খেলছিলেন ওয়ানডে গতিতে, ইনোসেন্ট পরিস্থিতির দাবি মিটিয়ে তুলে নেন প্রথম টেস্ট সেঞ্চুরি। তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন দুজন। ৬৭ বলে ৫৯ করার পর বেনেটকে নিজের বলে ক্যাচ বানান তাইজুল।

আরভিনের সঙ্গে আরও ২৯ রান যোগ করার পর ১৪০ রানে গিয়ে ক্যাচ দেন ইনোসেন্ট। নামে ইনোসেন্ট হলেও ব্যাট হাতে তিনি ছিলেন বিপজ্জনক। আউট হওয়ার আগে বাংলাদেশের বোলারদের বেশ ‘নিরীহ’ মনে হচ্ছিল তাঁর কাছে।

ইনোসেন্টের পর তাফাদজাওয়া সিগা দ্রুত রান আউটে বিদায় নিলে ম্যাচে ফেরার আভাস ছিল বাংলাদেশের। সেটা মিইয়ে দেন আরভিন-মাধভেরে। তাঁরাও পান শতরানের জুটি। ফিফটি করা আরভিনকেও ছাঁটেন তাইজুল।

পরে টেইল-এন্ডারদের গুঁড়িয়ে ফাইফার পাওয়ার পর সাত উইকেট দখল করেন তিনি। বাকিদের বিদায়ের মাঝে মাধভেরে থেকে যান অপরাজিত।

 

Related Articles

Latest Posts