জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
পুলিশের এক মুখপাত্র জানান, আটক আরেকজনের ভূমিকা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় অন্য কোনো সন্দেহভাজন পলাতক নেই।
তিনি আরও বলেন, নিহত সবাই প্রাপ্তবয়স্ক। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামবুর্গের পশ্চিমে প্রায় ৫০ হাজার জনসংখ্যার শহর স্টাডের একটি যুবকল্যাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয় পুলিশ।
যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে নির্বিচার গুলিতে প্রাণহানির ঘটনা তুলনামূলক কম। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
২০২৩ সালের মার্চে হামবুর্গে যিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি করে ছয়জনকে হত্যা করেন।
এর আগে ২০১৬ সালে ১৮ বছর বয়সী এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত ৯ জনকে হত্যা করে।
