ফরিদপুরসহ ২ জেলায় নতুন এসপি, ঢাকাসহ ৩ রেঞ্জে নতুন ডিআইজি

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপারসহ (এসপি) ৯ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

আজ রোববার এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দ্য ডেইলি স্টারের প্রতিবেদন প্রকাশের দুই দিন পর এই বদলির আদেশ এলো।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ডিআইজি ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। আর ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে।

এদিকে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে বদলি করে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

Related Articles

Latest Posts