প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।
আজ সকালে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজ রোপণ করে চলে গেলেই শেষ হয়ে যাচ্ছে না। শিশু ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা-মায়ের কাজ শেষ হয়ে যায় না। শিশুকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই আসল কাজ।
তিনি বলেন, গাছটি যদি বড় হয়, আপনি বুকভরে শ্বাস নিতে পারবেন। এই গাছ বড় হলে গাছের তলায় আপনি শান্তিমতো ছায়ায় বসতে পারবেন। কাজেই এই গাছ আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ, সবাই এই গাছের সুবিধা পাবে।
তারেক রহমান বলেন, গাছের চারা রোপণ করার পর গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক একই রকম আপনি আনন্দ পাবেন।
সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
