বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

আজ মঙ্গলবার দুপুরের দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থীদের এই অবরোধের কারণে ঢাকা-বরিশালসহ ৩২টি আন্তঃজেলা রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরীক্ষার্থীরা বর্তমান পরীক্ষা পদ্ধতির পরিবর্তনেরও দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার শত শত যাত্রী। বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। তার অভিযোগ, কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি। এ ছাড়া প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন ছিল এবং সিলেবাসের বাইরের প্রশ্নও এসেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে তারা রাজি হলেও পরে আবারও মহাসড়কে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

Related Articles

Latest Posts