আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে যথারীতি স্পেন কোচের সামনে প্রসঙ্গ উঠেছে লিওনেল মেসিকে আটকানোর। ইংল্যান্ড ম্যান মার্কিং করে মেসিকে আটকাতে পারেনি, স্পেন কি পারবে? স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই পথেই হাঁটবেন না তারা। তবে এই আর্জেন্টাইন মহাতারকার উপর তার আলাদা মনোযোগ থাকবে বলেও জানিয়েছেন স্পেন কোচ।
প্রায় দেড় মাসের উন্মাদনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসির সাথে দুই দশক আগের স্মৃতি রোমন্থন করেছেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
মেসিকে কেন ম্যান-মার্কিং করবেন না, এর কারণ জানাতে গিয়ে মেসির পেশাদার ক্যারিয়ার শুরুর আগের একটি ঘটনা তুলে ধরেছেন দে লা ফুয়েন্তে, ‘যখন আমি সেভিয়ার বয়সভিত্তিক দলকে কোচিং করাই, তখন প্রথম মেসিকে দেখি। আমরা ম্যাচ খেলতে বার্সেলোনায় গিয়েছিলাম। মেসি নামের একটা বাচ্চা ছেলের ব্যাপারে খুব প্রশংসা শুনছিলাম তখন। তো তাকে আটকানোর জন্য আমার এক খেলোয়াড়কে দায়িত্ব দিলাম। কিন্তু ছেলেটা আগেই হলুদ কার্ড দেখায় ৭০ মিনিটের সময় ওকে আমি উঠিয়ে নেই। তখন পর্যন্ত ম্যাচের স্কোর ০-০। এর পরের ১৫ মিনিটে মেসি আমাদের গুনে গুনে চারটি গোল দিয়েছিল’।
পুরানো সেই অভিজ্ঞতা থেকেই মেসিকে ম্যান-মার্কিং না করার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন কোচ, ‘এ থেকে কী বোঝা গেলো? আমরা কি মেসিকে ম্যান-মার্ক করব? উত্তর হলো, না। কিন্তু আমরা কি তার প্রতি বিশেষ মনোযোগ দেব? উত্তর হলো, হ্যাঁ’।
প্রতিপক্ষ দলে মেসির মতো মহাতারকা থাকলে স্পেনের হাতেও তুরুপের তাস হিসেবে আছেন লামিন ইয়ামাল, যার ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে তাকিয়ে এখনই অনেকে মেসির ছাপ দেখতে পান। তবে মেসির সাথে তুলনায় গিয়ে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই কিশোরের উপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চান না স্পেন কোচ, ‘মেসি অদ্বিতীয়। বিরল এক প্রতিভা সে। সবচেয়ে বড় কথা, লাখো তরুণ অ্যাথলেটের জন্য সে অনুকরণীয় আদর্শ। কিন্তু লামিনকে লামিন হিসেবেই বেড়ে উঠতে হবে। আমাদের তার ভালোর জন্য যেটা করা উচিত, তাকে সমর্থন দিয়ে যাওয়া, যে লামিনকে আমরা চিনে এসেছি, তাকে সেই লামিন ইয়ামাল হয়ে থাকতেই সাহায্য করা’।
আগের দিন দলের সাথে অনুশীলন না করে আলাদাভাবে অনুশীলন করেছেন লামিন। চোটের কারণে লামিনের ফাইনাল খেলতে না পারার কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে দে লা ফুয়েন্তে বলেছেন, ফাইনাল খেলার মতো উপযুক্ত শারীরিক কন্ডিশনে আছেন ইয়ামাল, ‘ফ্রান্সের বিপক্ষে উরুতে বেশ কয়েকবার জোরে আঘাত পেয়েছে সে। বক্সের ভেতরে বেশ কয়েকবার ফাউল করা হয়েছে তাকে, ব্যথাও পেয়েছে সে। আজ বাকি সতীর্থদের সাথে অনুশীলনে অংশ নিচ্ছে সে’।
