খেলা শুরুর আগেই এক অদ্ভুত বাজি ধরেছিলেন মার্ক কুকুরেয়া। কথা দিয়েছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তবে নিজের গায়ে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু আঁকবেন তিনি। রবিবার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের পর এখন সেই বাজি পূরণের পালা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে স্প্যানিশ কোচ মনে করিয়ে দিলেন, কুকুরেয়াকে এখন তার কথা রাখতেই হবে।
ইউরো ২০২৪ জেতার পর এবার স্পেনের মাথায় বিশ্বকাপের মুকুটও এনে দিলেন দে লা ফুয়েন্তে। দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্বভাবতই ফুরফুরে মেজাজে ছিলেন ৬৫ বছর বয়সী এই কোচ। কুকুরেয়ার ট্যাটুর প্রসঙ্গ উঠতেই রসিকতা করে তিনি বলেন, ‘ট্যাটু করানোর বয়স আমার পার হয়ে গেছে। তবে আমার খেলোয়াড়রা কথার খেলাপ করে না। তারা যে ভুলটা করেছে, সেটার মাশুল তাদের দিতেই হবে! তাছাড়া আমি তো দেখতে এতটা কুৎসিত নই।(হাসি)’
কুকুরেয়া তার শরীরের ঠিক কোন জায়গায় কোচের মুখের ট্যাটু আঁকবেন—সাংবাদিকদের এমন প্রশ্নে মজার ছলে দে লা ফুয়েন্তে বলেন, ‘হয়তো শরীরের এমন কোনো অংশে, যা সহজে চোখে পড়ে না। তবে মুখ ফুটে যখন একটা কথা বলা হয়েছে, তখন সেটা রক্ষা করাই উচিত।’
বিশ্বজয়ের আনন্দের সঙ্গে এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কুকুরেয়ার এই ট্যাটু। সমর্থকরা এখন দেখার অপেক্ষায়, মাঠের লড়াকু এই ডিফেন্ডার কবে নাগাদ কোচের দেওয়া মধুর শাস্তিটি মেনে নেন।
তবে কুকুরেয়া আরেকটা ঘোষণাও দিয়ে রেখেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। ইউরো জিতেছেন, বিশ্বকাপও জিতেছেন, এরপর নাকি আর পাওয়ার কিছু বাকি থাকে না। কুকুরেয়ার সামনে এখন কঠিন দুই প্রতিশ্রুতি রাখার চ্যালেঞ্জ।
