এটাই ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কঠিন আসর: রদ্রি

দুই বছরও হয়নি, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন আগের সেই রদ্রিকে আর হয়তো দেখা যাবে না। কিন্তু সময়কে হার মানিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছেন স্প্যানিশ মিডফিল্ডার। বিশ্বকাপ জয়ের রাতে শুধু শিরোপাই নয়, টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এরপরই জানালেন, ২০২৬ বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন আসর।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কারও জিতেছেন দলের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় স্প্যানিশ তারকা বলেন, ‘মনে হচ্ছে যেন নিখুঁত একটি চিত্রনাট্য। সত্যি বলতে আমি এমন কিছু কখনো কল্পনাও করিনি।’

২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ব্যালন ডি’অর এবং ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার বিশ্বকাপও নিজের ট্রফি ক্যাবিনেটে যোগ করলেন রদ্রি। এর মাধ্যমে ফ্রানৎস বেকেনবাওয়ার, গার্ড মুলার ও জিনেদিন জিদানের পর চতুর্থ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সব শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়লেন তিনি।

তবে এই অর্জনের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার স্মৃতি মনে করে রদ্রি বলেন, ‘আমি চাই নতুন প্রজন্ম দেখুক, একজন খেলোয়াড় আকাশ ছুঁয়ে আবার নরকে নেমে গিয়েও কীভাবে ফিরে আসতে পারে। এটি প্রতিকূলতাকে জয় করার শিক্ষা।’

ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি, ‘এটাই আমাদের জাতীয় দলের রহস্য। আমরা কখনো হাল ছাড়ি না। শেষ পর্যন্ত ঈশ্বর আপনাকে পুরস্কৃত করেন। আমরা সাহসী ছিলাম।’

বিশ্বকাপজয়ী স্পেন দলকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে রদ্রি বলেন, ‘আমরা এখন আনন্দের চূড়ায়। এই দলটি অসাধারণ। আমরা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। আমরা ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে গড়া দুর্দান্ত একটি আর্জেন্টিনা দলকে হারিয়েছি।’

ফাইনালটি কঠিন হলেও স্পেনই যে জয়ের যোগ্য ছিল, সে বিশ্বাসও স্পষ্টভাবে ব্যক্ত করেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তাদের ভাঙা খুব কঠিন, যদিও তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু স্পেন পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছে। তাই শেষ পর্যন্ত ফলটাও ন্যায্য হয়েছে।’
 

Related Articles

Latest Posts