বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে আর্জেন্টিনা: এনজো

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে অতিরিক্ত সময়ে। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হারের তীব্র হতাশার মধ্যেও নিজেদের যাত্রা নিয়ে গর্বিত আর্জেন্টিনা। বিতর্ক, লাল কার্ড ও ফিফার তদন্তের মাঝেও মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ মনে করেন, আলবিসেলেস্তেরা বিশ্বমঞ্চে নিজেদের সর্বোচ্চটা দিয়েই প্রতিনিধিত্ব করেছে।

চেলসির এই মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় বলেন, ‘সময় যত যায়, ততই বোঝা যায় ফলাফলের চেয়ে অনেক বড় কিছু রয়েছে। বহু বছর ধরে এই দলটি দেশের প্রতিনিধিত্ব করেছে সর্বোচ্চ উপায়ে। এই দল শিখিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা মানে শুধু জেতা নয়; জার্সির জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া।’

স্পেনের বিপক্ষে ফাইনালে ৯৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এনজোকে। একজন কমে যাওয়ার পরও আর্জেন্টিনা অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই চালিয়ে যায়। কিন্তু ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয় লিওনেল স্কালোনির দলের।

তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার আচরণও বিতর্কের জন্ম দেয়। স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে বাকবিতণ্ডা, পুরস্কার বিতরণীতে স্পেনের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ানো এবং ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড (মালভিনাস) ইস্যুতে ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে।

এসব বিতর্ক নিয়ে নিজের বার্তায় কোনো মন্তব্য করেননি এনজো। বরং সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে তিনি লিখেছেন, ‘এমন একটি দলের অংশ হতে পারা আমার জন্য সৌভাগ্যের, যারা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং গর্ব, বিনয় ও দায়বদ্ধতার সঙ্গে এই জার্সিকে প্রতিনিধিত্ব করেছে।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য এনজো, ‘আর্জেন্টিনার সব সমর্থককে ধন্যবাদ। প্রতিটি ম্যাচে পাশে থাকার জন্য, নিঃস্বার্থ সমর্থনের জন্য এবং পৃথিবীর যেখানেই খেলি না কেন আমাদের ঘরের মতো অনুভব করানোর জন্য কৃতজ্ঞ।’

শেষে জাতীয় দলের জার্সি পরার গর্বের কথাও স্মরণ করিয়ে দেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘নিজের দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। যতবার এই জার্সি গায়ে তোলার সুযোগ পাব, প্রতিবারই সর্বস্ব দিয়ে লড়াই করব।’

Related Articles

Latest Posts