হংকংয়ে বাংলাদেশি নারীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

হংকংয়ে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গত শুক্রবার তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা।

মৃত আরতি মুন্ডা (২৭) জয়পুরহাটের বাসিন্দা। তিনি হংকংয়ের পোক ফু লাম এলাকার চি ফু রোডের একটি ফ্ল্যাটে থাকতেন।

আজ মঙ্গলবার দুপুরে আরতির বাবা হরিপদ মুন্ডা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, প্রায় ছয় মাস আগে নীলফামারীর এভারগ্রীন হাউসকিপার্স ট্রেনিং সেন্টারের মাধ্যমে আরতি হংকংয়ে যান। প্রতিষ্ঠানটি হংকংয়ে গৃহকর্মী হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা করে।

পরিবারের অভিযোগ, আরতিকে তার নিয়োগকর্তা প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতনের অভিযোগ তুলে আরতি এর আগে কয়েকটি ভিডিও ধারণ করেছিলেন।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম ডিমসাম ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ১৭ জুলাই সকাল ৮টার দিকে শোবার ঘরে আরতিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার নিয়োগকর্তা জরুরি সেবায় ফোন করেন। পরে চিকিৎসাকর্মীরা তাকে উদ্ধার করে কুইন মেরি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তাই বিষয়টি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়।

 

Related Articles

Latest Posts