টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হলেও সাফের নেতৃত্ব ধরে রেখেছেন তিনি। ফের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।

শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের কংগ্রেস সভায় কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি সালাউদ্দিনকে। বিনা লড়াইয়ে তিনি টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন।

সালাউদ্দিনের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারের কাছে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাফুফের সভাপতি ছিলেন সালাউদ্দিন। আর ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে যাচ্ছেন তিনি। এই পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা মাসখানেক আগেই শেষ হয়েছিল। তিনি ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না।

তাছাড়া, ফিফার নিষেধাজ্ঞার কারণে শনিবারের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র থেকে বাদ পড়া নেপালকে এই সভায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাফ। এর মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা নভেম্বরে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নিতে পারবে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সরাসরি বাংলাদেশের গ্রুপে নাম লেখাবে নেপাল।

Related Articles

Latest Posts