বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অন্দরমহলে এখন প্রবল ঝড় বইছে। বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রির বিতর্কিত উদ্যোগ ভেস্তে যাওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ওয়েলসের পর এবার ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সমর্থনে না হাঁটার পথ বেছে নিচ্ছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। তাদের মতে, ফিফা প্রতিযোগিতার ২০ শতাংশ মালিকানা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার যে পরিকল্পনা ইনফান্তিনো নিয়েছিলেন, ফুটবল বিশ্বের তীব্র বিরোধিতার মুখে তা ভেস্তে গেছে। এরপরই তার প্রশাসনিক ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন চিহ্ন।
এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেয় ওয়েলস। এক বিবৃতিতে ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, প্রশাসনিক দুর্বলতা, বাজে সিদ্ধান্ত গ্রহণ ও ফুটবলের মূল স্বার্থ রক্ষা করতে না পারার কারণে বিশ্ব ফুটবলের শীর্ষ পদটিতে ইনফান্তিনোর ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছে।
২০১৬ সালে সেপ ব্ল্যাটারের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইনফান্তিনো। ২০২৭ থেকে ২০৩১ মেয়াদের জন্য চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। কিছুদিন আগেও যা তার জন্য স্রেফ একটি আনুষ্ঠানিকতা মনে হচ্ছিল, এই আর্থিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি পুরো পাল্টে গেছে। ইউরোপীয় ফুটবলের সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় ২০২৭ সালে মরক্কোয় বসতে যাওয়া ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ বেশ কঠিন হতে যাচ্ছে।
