গভীর সমুদ্রে ধরা পড়া ৫৪ কেজির তবল মাছ কত টাকায় বিক্রি হলো?

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বড় আকারের তবল মাছ।

আজ মঙ্গলবার সকালে বিরল এই মাছটি ধরা পড়ে।

পরে মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী রুবেল ঘরামী।

জেলেরা জানান, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে এটি ধরা পড়ে। তাদের ভাষ্য, বঙ্গোপসাগরে তবল মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব কমই পাওয়া যায়।

স্থানীয়ভাবে তবল নামে পরিচিত হলেও অঞ্চলভেদে মাছটিকে তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও ডাকা হয়। সুস্বাদু, উচ্চ পুষ্টিগুণ ও তুলনামূলক কম কাঁটা থাকায় বাজারে এ মাছের চাহিদা বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ী রুবেল ঘরামী।

তিনি বলেন, ‘মাছটির ওজন ৫৪ কেজি। নিলামে ৩৬ হাজার টাকায় কিনেছি। ঢাকার বাজারে বিক্রির জন্য বরফ দিয়ে এটি সংরক্ষণ করা হয়েছে।’

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধরা পড়া তবলটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ প্রজাতির মাছ আকারে অনেক বড় হয়। এর বাণিজ্যিক মূল্যও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, ‘গভীর সমুদ্রে এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়া জেলেদের জন্য ইতিবাচক দিক। ভবিষ্যতে এমন মাছের পরিমাণ বাড়লে উপকূলীয় জেলেরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।’

Related Articles

Latest Posts