‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে নির্মিত প্রামাণ্যচিত্রে ‘সচেতনভাবে’ মূল ঘটনাগুলো বাদ দেওয়া হয়েছে এবং আন্দোলনের ‘অসম্পূর্ণ চিত্র’ তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সংসদ সদস্য আখতার হোসেন।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তবে, এতে অসম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে উল্লেখ করে প্রতিবাদ জানান জুলাই শহীদদের পরিবারের সদস্য এবং এনসিপির নেতাকর্মীরা।
এরপর সেখানে উপস্থিত এনসিপি নেতারা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যান।
বের হয়ে যাওয়ার পর জানতে চাইলে এনসিপির সদস্য সচিব আখতার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি কোনো দলীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। কিন্তু এতে অংশ নেওয়ার পর আমরা দেখলাম প্রামাণ্যচিত্রটি জুলাই অভ্যুত্থানের পুরো চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছে।’
‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ বা সেখান থেকে দেওয়া ঘোষণার কোনো উল্লেখ এতে ছিল না। এর পরিবর্তে সেখানে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে এক দফা দাবির ঘোষণা হিসেবে দেখানো হয়েছে,’ বলেন তিনি।
আখতার আরও বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রামাণ্যচিত্রটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে আমার বিশ্বাস, যারা এর দায়িত্বে ছিলেন তারা সচেতনভাবেই এটি করেছেন।’
আখতার জানান, প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পরপরই অনুষ্ঠানস্থলে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
‘আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই প্রতিমন্ত্রী ইশরাক হোসেন একটি মন্তব্য করেন এবং তার সমর্থকরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এরপর আমি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেই এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করি,’ বলেন তিনি।
জানতে চাইলে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘অনুষ্ঠানটি দেখে মনে হয়েছে বিএনপির। এনসিপি কিংবা জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের কাউকেই প্রামাণ্যচিত্রে দেখানো হয়নি।’
‘আমাদের জায়গা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু এভাবে জুলাইয়ের ইতিহাস বিকৃত করতে পারেন না। অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে ইতিহাস বিকৃত করা হলো। এই বিকৃতি উদ্দেশ্যপ্রণোদিত। একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠা করতেই জুলাই আন্দোলনের নেতাদের বাদ দেওয়া হয়েছে। এ কারণেই আমরা অনুষ্ঠানটি বয়কট করেছি,’ বলেন তারিকুল।
তারিকুলের দাবি, প্রতিবাদ জানালে প্রতিমন্ত্রী ইশরাকের অনুসারীরা এনসিপি নেতাদের ওপর চড়াও হয়।
