কামিল মিশারার দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে তাওহিদ হৃদয় ও খাজা নাফের আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে জাফনা কিংস। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে গালে গ্যালান্টসকে ১২ রানে হারিয়েছে তারা।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের বিশাল পাহাড় গড়ে জাফনা। ওপেনার মিশারা ৫৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।
দ্বিতীয় উইকেটে নাফের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন মিশারা। ৩২ বলে ৫৪ রান করে আউট হন নাফে। এরপর বাংলাদেশ ব্যাটার হৃদয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৭১ রান যোগ করেন মিশারা। হৃদয় মাত্র ২১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
২৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খাতা খোলার আগে ওপেনার থমাস ফ্রেজার রজার্সকে হারায় গালে। তবে স্যাম হার্পারের ৪৪ ও চরিথ আসালাঙ্কার ২৭ রানে ম্যাচে থাকে তারা।
পরবর্তীতে চামিকা করুণারত্নে ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে গালেকে জয়ের দৌড়ে রেখেছিলেন। তবে ১৪তম ওভারে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে তিনি আউট হলে ম্যাচের গতিপথ সম্পূর্ণ ঘুরে যায় জাফনার দিকে। সাকিব ৩ ওভারে ৩৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ এই ১টি উইকেট শিকার করেন।
শেষ দিকে দাসুন শানাকার ৩৪, সাচিন্দু কলোম্বাগের অপরাজিত ২৭ ও দিনুয়ারা কালুপাহানার অপরাজিত ২২ রান সত্ত্বেও ২০ ওভারে ৮ উইকেটে ২৩০ রানে থামে গালের ইনিংস।
জাফনার হয়ে মোহাম্মদ শিরাজ ৩৪ রানে ৩টি ও লিজাড উইলিয়ামস ২টি উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে ২০২০ সালে শুরু হওয়া এলপিএলের ছয়টি আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে পা রাখল জাফনা কিংস। এর আগে খেলা চারটি ফাইনালের প্রতিটিতেই তারা চ্যাম্পিয়ন হয়েছে।
হারলেও টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি গালে গ্যালান্টস। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে কলম্বো ক্যাপস ও ক্যান্ডি রয়্যালসের মধ্যকার এলিমিনেটর বিজয়ীর সঙ্গে। সেই ম্যাচের বিজয়ী দল শনিবারের ফাইনালে জাফনার মুখোমুখি হবে।
