কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আসিয়া খাতুন (৭০) ওই গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে ওই এলাকায় বুরুজ আলী ও রফিকদের সঙ্গে তাইজ্জ মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমজদ আলী ফকিরের পরিবার ওই জমির একটি অংশের দাবিদার।

আজ দুপুরে তাইজ্জ মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে যেতে চাইলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় আসিয়া খাতুনকে পিটিয়ে এবং গাছের সঙ্গে মাথা চেপে গুরুতর আহত করার অভিযোগ ওঠে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন জায়েদা ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। স্থানীয় সালিশে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখলে যেতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচি শাশুড়িকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার থানায় এসে অভিযোগ করবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Posts