চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকেরা। এতে অক্সিজেন-মুরাদপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কারখানাটির মালিকানা পরিবর্তন হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।
তবে তাদের নির্দিষ্ট দাবি জানা যায়নি।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মাহমুদা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানার কোনো শ্রমিকের বেতন বকেয়া নেই।
‘কারখানাটির মালিকানা পরিবর্তন হতে পারে—এমন খবর শোনার পর শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। মালিক নিজেই ঘটনাস্থলে এসে তাদের জানান যে, আপাতত মালিকানা পরিবর্তন হচ্ছে না। তারপরও শ্রমিকেরা এলাকা ছাড়তে রাজি হচ্ছেন না,’ বলেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তাদের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।’
মাহমুদা বলেন, শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়ক ছেড়ে দিতে শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে।
