ইলিয়াস আলী গুম মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফ কারাগারে

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে ট্রাইব্যুনাল সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউশন জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার গুম হন।

নিখোঁজ হওয়ার আগে ইলিয়াস আলী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts