রদ্রিকে বার্সেলোনার কাছে হারানোর পর মাঝমাঠে নতুন করে শক্তি যোগাচ্ছে ম্যানচেস্টার সিটি। মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে লিল থেকে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে ভেড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোর হয়ে নজর কাড়া পারফরম্যান্সের পর থেকেই বুয়াদ্দিকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ ছিল। শেষ পর্যন্ত তাকে দলে টানার দৌড়ে জয়ী হয়েছে সিটি।
লিলের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মেডিকেল সম্পন্ন করতে শিগগিরই ইংল্যান্ডে যাওয়ার কথা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের। সব ঠিক থাকলে ইতিহাদে যোগ দেবেন তিনি।
বুয়াদ্দিকে দলে নেওয়ার পেছনে সিটির মাঝমাঠ পুনর্গঠনের পরিকল্পনাই বড় কারণ। রদ্রি বার্সেলোনায় চলে যাওয়ার পাশাপাশি তিজানি রেইনদার্সও আল-কাদসিয়াহতে যোগ দিয়েছেন। ফলে মাঝমাঠে নতুন মুখ আনার প্রয়োজন তৈরি হয়েছে।
বিশ্বকাপে মরক্কোর হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাত্রায় বুয়াদ্দি ছিলেন দলের অন্যতম আলোচিত খেলোয়াড়। শেষ আটে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় মরক্কো। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে এবার সিটির নতুন মাঝমাঠের অংশ হতে যাচ্ছেন বুয়াদ্দি।
এদিকে চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রতিও সিটির আগ্রহ রয়েছে বলে জানা গেছে। তবে আর্জেন্টাইন তারকার জন্য চেলসির নির্ধারিত ১২ কোটি পাউন্ডের মূল্য নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি।
